কুষ্টিয়ায় নাশকতা ও হামলার প্রতিবাদে বিএনপির পথসভা
দেশে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং 'জুলাই যোদ্ধাদের' বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ এনে এর প্রতিবাদে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার বৃত্তিপাড়া এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীসহ একটি মহল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন স্থানে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। গাড়ি পোড়ানো এবং জুলাই যোদ্ধাদের বাড়িঘরে আগুন দেওয়ার মতো অপতৎপরতার মাধ্যমে দেশের চলমান পরিস্থিতি অশান্ত করার পাঁয়তারা চলছে বলে তিনি মন্তব্য করেন।
এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে।
পথসভায় আরও বক্তব্য দেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাহিদুল ইসলাম বিপ্লব, সদর থানা বিএনপির নেতা নাজমুল, উজানগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবুসহ দলের প্রবীণ নেতৃবৃন্দ।
এ সময় ইউনিয়ন যুবদল কর্মী রাশিদুল ইসলাম রাসেল, ইউনিয়ন ছাত্রদলের নেতা রাকিবুল, জনি, নাবিলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত দিন